'আফ্রো-এশীয় অঞ্চলে এএআরডিও নতুন দ্বার উন্মোচন করেছে'

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:৪৬
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'আফ্রো-এশীয় অঞ্চলের দারিদ্র্য পীড়িত মানুষের কল্যাণে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন (এএআরডিও) এ অঞ্চলের পল্লী জনপদের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করেছে।'
 
তিনি বলেন, "এএআরডিও'র সদস্য দেশসমূহ এ অঞ্চলের পল্লী এলাকার দরিদ্র মানুষের ক্ষুধা, তৃষ্ণা, নিরক্ষরতা ও দারিদ্র্য দূরীকরণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণে একনিষ্ঠভাবে কাজ করে চলেছে।"
 
বৃহস্পতিবার রাজধানী ঢাকার ওয়েস্টিন হোটেলে এএআরডিও'র নির্বাহী কমিটির ৬৮তম সেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, "ব্রিটিশ শাসনামলের জমিদারি ব্যবস্থা বিলুপ্তের পর পল্লী জনপদের উন্নয়নে ড. আখতার হামিদ খানের 'কুমিল্লা মডেল' আজ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা নামে পল্লী উন্নয়নে একটি মডেল হিসেবে কাজ করে আসছে।"
 
'স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও প্রধান উদ্দেশ ছিল- দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গঠন করা' উল্লেখ করে তিনি বলেন, 'সেই উদ্দেশ্য বাস্তবায়নে তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া প্রতিষ্ঠা করেন।' তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জ পল্লী উন্নয়নে ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
 
আফ্রিকা ও এশিয়ার সদস্য দেশগুলোর পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, কৃষি ও পল্লী উন্নয়ন সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় ও সম্প্রসারণে এএআরডিও আরো কার্যকরী ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
 
সেশনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, এএআরডিও'র নির্বাহী কমিটির সভাপতি ওমাদুথ জ্যাডু, এএআরডিও’র সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার ওয়াস্ফি হাসান এল-শ্রিহিন ও আরডিএ, বগুড়া-এর মহাপরিচালক আবদুল মতিন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস