ঝুমাকে ছুরিকাঘাতের ঘটনায় বাহারের স্বীকারোক্তি

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ২০:১৩
সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে কলেজছাত্রী ঝুমা আক্তারকে ছুরিকাঘাতের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি বাহার উদ্দিন। 
 
বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আমিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেয় বাহার। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। 
 
মামলার তদন্ত কর্মকর্তা ইমরোজ তারেক বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় সুলতানপুর ইউনিয়নের মির্জারচক এলাকার একটি হাওর থেকে তাকে গ্রেফতার করা হয়।ঘটনার পর থেকে বাহার পলাতক ছিল। বাহারকে গ্রেফতারের পর তাকে নিয়ে অভিযান চালিয়ে বসতঘর থেকে ছোড়া উদ্ধার করা হয়। পরে বিকালে তাকে আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বিচারক জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। 
 
উল্লেখ্য গত রবিবার বাহার উদ্দিন রসুলপুর গ্রামে ঝুমাকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় ঝুমার মা করিমা বেগম বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান আসামি বাহারের বড় ভাই নাসির উদ্দিনকে গ্রেফতার করে। ঝুমা বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি