অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে পুরুষ এককের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। র্যাংকিং-এ ১১৭তম স্থানে থাকা অবাছাই রাশিয়ার ডেনিস ইস্তোমিনের কাছে লজ্জার হারের স্বাদ নেন এ সার্বিয়ান তারকা।
টেনিস ক্যারিয়ারে ১২টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন জোকোভিচ। এরমধ্যে ছয়টি শিরোপাই জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের। তাই এবারও শিরোপার অন্যতম দাবিদার ছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই দ্বিতীয় বাছাই এ তারকার স্বপ্ন গুড়েবালি করে দিয়েছেন ইস্তোমিন।
৪ ঘণ্টা ৪৮ মিনিট সময় নিয়ে জোকোভিচকে ৭-৬ (১০/৮), ৫-৭, ২-৬, ৭-৬ (৭/৫) ও ৬-৪ গেমে হারিয়ে দেন ইস্তোমিন। এমন জয়ে উচ্ছসিত ইস্তোমিন বলেন, ‘সাবেক এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে এমন জয়, আমার ক্যারিয়ারের বড় অর্জন। অনেকটা শিরোপা জয়ের মতই। আশা করছি আরও অনেক দূর যাবো এই টুর্নামেন্টে।’
ইত্তেফাক/এমএইচ
