পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, 'যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।'
মন্ত্রী বৃহস্পতিবার যশোরের ভবদহ অঞ্চল পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী একথা বলেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক উপস্থিত ছিলেন।
ভবদহ স্লুইস গেট সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর আগে সকালে নওয়াপাড়ায় খাল পরিদর্শন ও অভয়নগরের মশিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে পথসভায় বক্তব্য রাখেন তারা।
পানিসম্পদ মন্ত্রী দুপুরে ভবদহে মতবিনিময় সভায় বলেন, 'এপ্রিল-মে শুষ্ক মৌসুমের মধ্যে যেন স্লুইস গেটগুলো কার্যকর হয় সেদিকে লক্ষ্য রাখা হবে। একটি স্কেভেটর রয়েছে। আরও একটি এনে শুষ্ক মৌসুমেই খনন করা হবে। যাতে বর্ষা মৌসুমের আগে পানি জমতে না পারে। আপাতত এ বছরের মধ্যে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু সম্ভব হচ্ছে না। তবুও আমরা এ বিষয়গুলো পর্যবেক্ষণে রাখবো। টিআরএম প্রকল্প মহাপরিকল্পনায় রয়েছে। স্থায়ী সমাধানের লক্ষ্যে আমডাঙ্গা খালসহ ছোট খাটো খালগুলো সংস্কারের চিন্তাভাবনা রয়েছে। এ মৌসুমে না পারলেও আগামী মৌসুমে খালের জমি অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে।'
পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসন জননেত্রী শেখ হাসিনার সুশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত। অল্প সময়ের মধ্যে পানি নিষ্কাশন সম্ভব হওয়ায় এখানকার কৃষকরা নতুন আশায় বুক বেঁধেছে। ফসল উঠলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।
এসময় আরও বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী জাহাঙ্গীর কবির, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, যশোর জেলা প্রশাসক ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি নেতা ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
