বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুন্নু চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০০:২৪
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ,সাবেক মন্ত্রী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং মুন্নু গ্রুপ ও ইন্ড্রাট্রিজের চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ হারুনার রশিদ খান মুন্নু (৮৫) গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষনিকভাবে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইওতে ভর্তি করা হয়।
 
উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। তার আরোগ্য কামনা করে তার মেয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা মানিকগঞ্জবাসী সহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
 
এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক জ্বালানি উপদেষ্ঠা ও আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, মুন্নুর জামাতা মাহমুদুর রহমান স্কয়ার হাসপাতালে রশিদ খান মুন্নুর পাশে সার্বক্ষনিক উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মুন্নুর খোঁজখবর নেন ও তার  আশু আরোগ্য কামনা করেন।
 
পারিবারিক সূত্রে জানা যায়, মুন্নু দীঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। বিএনপির এই বর্ষীয়ান নেতা অসুস্থ হওয়ায় তার আশু রোগ কামনায় মানিকগঞ্জের গিলন্ড এলাকায় মসজিদে দোয়ার আয়োজন করা হয়। সেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
 
মুন্নু ১৯৯১ সালে মানিকগঞ্জ-২ (শিবালয়-হরিরামপুর) আসনে বিএনপির হয়ে নির্বাচন করে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন । ২০০১ সালে এই আসনের পাশাপাশি মানিকগঞ্জ-৩ (সদর- সাটুরিয়া) আসনেও  জয়লাভ করেন মুন্নু ও  একই  সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাকে মন্ত্রী করা হয়।