ভাষা শহীদ শফিউরের সাইকেলে মাজনুন মিজান

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৪:২০
বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র-সবখানেই সমানতালে কাজ করছেন অভিনেতা মাজনুন মিজান। ‘ভুবনমাঝি’র অন্যতম যাত্রীরা হিসেবে কাজ করেছেন সম্প্রতি। এবার আসছেন আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নির্মিত বিশেষ নাটকে। যেখানে তাকে দেখা যাবে ভাষা শহীদ শফিউরের চরিত্রে। 
 
নতুন নাটক নিয়ে ইত্তেফাক অনলাইনকে এ খবর জানালেন অভিনেতা মিজান। ভাষা দিবস উপলক্ষ্যে নির্মিত নতুন এ নাটকের নাম ‘ফেব্রুয়ারির আল্পনা’। নাটকটির মূল গল্প রফিকুর রশিদ’এর। আর নাট্যরুপ দিয়েছেন মোজাম্মেল হোসাইন খান। 
 
নাটকটির প্রধান চরিত্রে দেখা যাবে মাজনুন মিজানকে। গল্পের বিষয়ে তিনি বলেন, ‘মূল গল্প ভাষা শহীদ শফিউরকে নিয়ে। মূলত বায়ান্নর ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারিতে শফিউর কিভাবে মারা গেলেন, যা যা ঘটেছে সে সব বিষয় তুলে ধরা হয়েছে’।
 
শফিউরের বাবার চরিত্রে দেখা যাবে আবুল হায়াতকে, আর স্ত্রী চরিত্রে মিজানের সঙ্গে অভিনয় করছেন ফারহান মিলি। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের রাস্তায় নাটকটি শ্যুটিং চলছে। আনুষ্ঠানিক পর্বে শনিবার কাজ শেষ হচ্ছে।
 
উল্লেখ্য, ১৯৫২‌’র ২২ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে ঢাকার রঘুনাথ দাস লেনের বাসা থেকে সাইকেলে চড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হন শফিউর। সকাল সাড়ে দশটার দিকে নওয়াবপুর রোডে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে পুলিশের গুলিবর্ষণে মধ্যে পড়েন তিনি। গুলি শফিউর রহমানের পিঠে এসে লাগলে, মাটিতে লুটিয়ে পড়েন। এ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তৎকালীন ডা. এ্যালিনসন অপারেশন করেন। ঐদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। 
 
আসছে একুশে ফেব্রুয়ারিতে বিশেষ নাটক ‘ফেব্রুয়ারির আল্পনা’ দেখা যাবে। 
 
ইত্তেফাক/এমএআর