রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:৫০
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম মো. রাসেল (১২)। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের এই দুর্ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে।
 
স্থানীয়রা জানান, রাসেল আজ সকাল সাড়ে ১০টার দিকে রাসেল উত্তরার ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের বাইদ্যাপট্টি এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সে গুরুতর আহত হয়। তাকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে আশপাশের লোকজন উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। বাবা ইসমাইল হোসেন খবর পেয়ে তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 
 
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।
 
জানা গেছে, নিহত রাসেলের বাবা ইসমাইল হোসেন পেশায় সিএনজি চালক। তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কমলাকান্দায়। তারা গাজীপুরের শিমুলতলী এলাকায় বাসা ভাড়া করে আছেন।  
 
ইত্তেফাক/এমআই