বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে খেলা বন্ধ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০৯:৩০
 
বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিনের খেলা এখনো শুরু হয়নি। শনিবার রাত থেকেই ঝির ঝির বৃষ্টি অবিরাম ধারায় বয়েই চলেছে ক্রাইস্টচার্চে। থামার কোনো লক্ষণই নেই। স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার (বাংলাদেশ সময় ভোর পৌনে ৫টা) দিকে বৃষ্টির তেজ অনেকটাই কমেছে। তবে এখনও হালকাভাবে ঝরে যাচ্ছে বৃষ্টি। 
 
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে তৃতীয় দিনের প্রথম সেশন। টানা বৃষ্টিতে দিনের খেলাই শুরু হতে পারেনি। স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় ভোর ৬টা) নেয়া হয় লাঞ্চ বিরতি।
 
বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা ১৯ ওভার আগে শেষ হয়েছিল। ঘাটতি পুষিয়ে নিতে তৃতীয় দিনের খেলা আজ স্থানীয় সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৩টা ৩৭ মিনিট) শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটি সম্ভব হয়নি।
 
IMG0
 
প্রথম দিন আলোক স্বল্পতায় খেলা হয়নি ৬ ওভার আর দ্বিতীয় দিন ৭ ওভার। তার উপর দ্বিতীয় দিনের বৃষ্টিতেও ভেসে গেছে আরও ১২ ওভার। আর তাই সে ঘাটতি পোষাতেই আধা ঘণ্টা আগে খেলা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে তার আর হয়ে ওঠা সম্ভব হয়নি।
 
এদিকে সাকিব আল হাসানের জাদুকরী বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। ২৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে তারা। ২৬০ রান তুলেতেই প্রথম সারির সাত ব্যাটসম্যানকে হারিয়েছে নিউজিল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান হেনরি নিকোলস ও টিম সাউদি তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।
 
 
ইত্তেফাক/কেকে