সাত খুন মামলার রায়ের অনুলিপি হাইকোর্টে যাবে আজ

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১২:২৪
 
আজ রবিবার হাইকোর্টে পাঠানো হচ্ছে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার রায়ের অনুলিপি। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন জানিয়েছেন, মামলার রায় ও নথিপত্র গত বৃহস্পতিবার পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি ছিল। তবুও হাইকোর্টের নির্দেশনায় আজ রবিবার পাঠানো হবে। আদালত সূত্রে জানা গেছে, দেশের ১৬তম প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করে গত বৃহস্পতিবার ১১টার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ ঘোষণা করায় রায়ের অনুলিপি পাঠানো যায়নি।
 
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘‘কেবল সাজার অংশটুকু পাঠ করেছেন বিজ্ঞ আদালত। রায়ের অফিসিয়াল কপি তৈরি হয়ে গেলে সেটি হাইকোর্টে অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আকারে পাঠানো হবে। এর পরপর সেটি প্রস্তুত করার প্রক্রিয়া দ্রুত যেন করা হয় সেজন্য পৃথকভাবে আবেদন করে আদালতের নজরে আনা যেতে পারে।”
 
আলোচিত সাত খুন মামলায় গত ১৬ জানুয়ারি ক্ষমতাসীন দলের নেতা ও সাবেক কাউন্সিলর নূর হোসেন ও সাবেক তিন র্যাব কর্মকর্তাসহ ২৬ আসামির                মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। রায়ে ৩৫ আসামির মধ্যে অন্যদের মধ্যে ৭ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং দুজনকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়। আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এই সাজা অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে ‘ডেথ রেফারেন্স’ শুনানি হবে। সেখানে সাজা বহাল থাকলে তারা আপিল করতে পারবেন। এ জন্য তারা ৩০ দিন সময় পাবেন। যদি কেউ আপিল না করেন তা হলে তাদের ক্ষেত্রে শুধু ডেথ রেফারেন্সেরই শুনানি হবে।