নাইজেরিয়ায় বোকো হারামের ১৫ সদস্য নিহত

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১২:৪৭
 
নাইজেরিয়ায়  উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রান টাউনে বোকো হারামের ১৫ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে সামরিক ও স্থানীয় কর্মকর্তারা। দুইদিন আগে রানের এক শরণার্থী শিবিরে দেশটির বিমানবাহিনী ‌‘ভুল করে’  হামলা চালালে সেখানকার ২০০ জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়। 
 
শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঐ রানেই বৃহস্পতিবার রাতে বোকো হারাম জঙ্গিরা হামলা চালায়। দুটি জিপে চড়ে তারা টাউনটিতে উপস্থিত হয়ে হামলা শুরু করে। 
 
রানে মোতায়েন নাইজেরীয় সেনাবাহিনীর তৃতীয় ব্যাটেলিয়নের কমান্ডার লে. কর্নেল ইগউয়ি ওমোকে বলেন, হঠাৎ আমরা দেখতে পাই, স্থানীয় বাসিন্দারা ব্যাটালিয়ন সদর দফতরের দিকে ছুটে আসছে। আমরা দ্রুত সেনাদের প্রস্তুত করি। প্রায় আধা ঘণ্টা ধরে তাদের সঙ্গে আমাদের লড়াই হয়।
 
কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা নিকটবর্তী ক্যামেরুন থেকে এসে হামলাটি চালিয়েছে। সেখান থেকে ক্যামেরুন সীমান্ত ১০ কিলোমিটারের কম দূরে। 
 
ইত্তেফাক/এএসএস