মিলনের ‘আসেন সবাই মিষ্টি খাই’

আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৫:৫২
অভিনেতা আনিসুর রহমান মিলন। হুট করে দেখে চেনার অবকাশ নেই। মাথায় কানঢাকা শীতকালীন টুপি, গলায় মাফলার প্যাঁচানো, চেহারায় গ্রামে কাজ করা খাটুনীর ছাপ। হ্যাঁ, এইবেশে মিলন হাজির হলেন নতুন নাটক ‘আসেন সবাই মিষ্টি খাই’তে।
 
নাটকটির গল্প নিয়ে অভিনেতা মিলনের সঙ্গে কথা বলে জানা যায়, পুরো গল্প বিনোদনে সমৃদ্ধ। বরিশাল থেকে মিলন ঢাকায় এসেছেন তার বড় চাচার বাসায়। চাচার কাছ থেকে ধার নেওয়া পাঁচ টাকায় মুরগীর খামার করে সফল হয়েছে সে। খুশির খবর দিতে মিষ্টি এনেছে সে। কিন্তু আরিফ দেখলো চাচার বাসায় কেউ খুশি নয়। কেন খুশি নয়! 
 
ইত্তেফাক অনলাইনকে মিলন বলেন, তথ্যপ্রযুক্তির প্রসার হয়েছে ঠিক আছে, কিন্তু এর ফলে আমাদের পারিবারিক সম্পর্ক, বন্ধন ভেঙে গেছে। আমরা নিজেরা ফেসবুক, টুইটারে এতো বেশি ব্যস্ত হয়ে পড়েছি। অস্থির হয়ে উঠেছে জীবন, একা হয়ে যাচ্ছি। পরিবারে কোথায় কী হচ্ছে সে খবরও আমরা রাখতে পারিনা। নাটকে আমি মিষ্টি নিয়ে গেছি চাচার বাসায়, কিন্তু সেটা যে খেতে হবে সে সময়, মনমানসিকতা কারোরই হয়ে ওঠেনি। 
 
মারুফ রেহমানের রচনা ও সহিদ-উন-নবীর পরিচালনায় মজার সব ঘটনায় সাজানো হয়েছে নাটকটি। মিলনের  সঙ্গে আরো দেখা যাবে নাবিলা ইসলাম, মনিরা মিঠু, কাজী উজ্জল, নীলা ইসরাফীল প্রমুখ।
 
নাটকটি দেখা যাবে আগামীকাল সোমবার রাত ৮টা ১০মিনিটে আরটিভিতে।
 
ইত্তেফাক/এমএআর