নাটোরের সিংড়ায় সহকারী শিক্ষক পদে নিয়োগ না পেয়ে ক্ষীদ্রবড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিযনের উক্ত স্কুলে এ ঘটনা ঘটে। সাবেক ইউপি সদস্য জাবেদের নেতৃত্বে ৪/৫ জন লাঠিসোটা নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে মারপিট শুরু করে।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, মার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর পকেট থেকে ২টি মোবাইল, নগদ ১লাখ ৭শ টাকা, সাক্ষর করা সোনালী ব্যাংকের ২টা চেক নিয়ে চলে যায়। পরে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত প্রধান শিক্ষক এখন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।
রফিকুল ইসলাম আরও জানান, কয়দিন আগে জাবেদসহ কয়েকজন আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে তারা আমাকে বেধড়ক মারপিট করে।
স্থানীয় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ স্কুলে অনুপস্থিত ছিলেন এবং শাহিন নামের এক যুবককে চাকরি দেওয়ার কথা বলে ৭লাখ টাকা নেয় পরে চাকুরি দিতে না পেরে তালবাহানা করছিল। ৫ লাখ টাকা ফেরত দিতে রাজি ছিল। এ বিষয়ে গ্রামে কয়েকবার শালিসও হয় এ নিয়ে এলাকায় ক্ষোভ ছিলো।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল জানান, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। এলে সত্যতা জেনে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এএন
