রাজধানীর তুরাগে উলুদাহা এলাকা থেকে শারীরিক প্রতিবন্ধী এক ভিখারির লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
আজ রবিবার দুপুর ২টার দিকে তুরাগের উলুদাহা এবং পাকরিয়ার মাঝামাঝি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম আকবর হোসেন (৩৮)। তিনি তুরাগের উলুদাহা এলাকার আহাম্মদ আলির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকবর হোসেনের স্ত্রী এবং ৩ বছরের একটি শিশু কন্যা রয়েছে। আকবর তুরাগের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। তিনি শনিবার ভিক্ষা জন্য পাকুরিয়া এলাকা দিয়ে ইজতেমা মাঠে যান। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
তার স্ত্রী রাবেয়া বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্বামীর কোনো সন্ধান পাননি। রবিবার দুপুর দেড়টার দিকে ইজতেমায় আসা লোকজন বাড়ি ফেরার সময় উলুদাহা এবং পাকুরিয়া এলাকার মাঝামাঝি জায়গার কালভার্টের ভিতরে লাশ দেখতে পায়। তারা তুরাগ থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
তুরাগ থানার (এএসআই) সুমন চন্দ্র বলেন, ‘ইজতেমায় আসা পথচারীরা কালভার্টের ভিতরে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং লাশটি উদ্ধার ও সুরাতহাল করি।’
তিনি আরো বলেন আকবরের গলায় এবং গালে নখ এবং আঙ্গুলের চিহ্ন রয়েছে। আমাদের ধারণা আকবরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএন/ইউবি
