আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্মরণীয় সব অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্বে আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়ন হয়েছে।প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নির্বাচিত সরকার প্রধান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়েছেন।
রবিবার দিনাজপুরের লোকভবন অডিটোরিয়ামে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন বানচাল করতে বিএনপি গভীর ষড়যন্ত্র করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে এ সব স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রিকরণ হয়েছে। আর বিএনপি গণতন্ত্র ধ্বংস করতে এখনো ষড়যন্ত্র করছে। দেশকে ধ্বংস করতেই তারা ক্ষমতায় আসতে চায়।’
খালেদা জিয়ার সময়কাল এবং শেখ হাসিনার নেতৃত্বের সময়কালের সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, দেশে অতীতের যেকোনো সময়ের চেয়ে সুশাসন বিদ্যমান রয়েছে। বর্তমান সরকার কোন অপরাধীর কাছে মাথা নত করেনা।
ন্যাপের সহসভাপতি ও সাবেক এমপি কাজী লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, জাসদের সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ, ন্যাপের সাধারণ সম্পাদক তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম, মনোরঞ্জনশীল গোপাল এমপি প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
