ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় প্রতিরোধে কোনো ভূমিকা রাখতে পারেননি মাহমুদউল্লাহ। ইনিংসের ৩৪তম ওভারের তৃতীয় বলে নেইল ওয়াগনারের অফ স্ট্যাম্পের বল কাট করতে গেলে তা ব্যাটের কোনায় লেগে স্ট্যাম্পে আঘাত করে। ওয়াগনারের শিকার হওয়ার আগে ৬৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন মাহমুদউল্লাহ।
এর আগে সাকিব আল হাসানকে আউট করে ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে ২০০ টেস্ট উইকেট পেলেন তিনি। ৫৬ টেস্টে ২০০ উইকেট নিয়ে সাউদি নিউজিল্যান্ডের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম’র কীর্তিটি স্যার রিচার্ড হ্যাডলির (৪৪ টেস্টে)।
মুখোমুখি প্রথম দুই বলেই আউট হয়ে যেতে পারতেন সাকিব। কিন্তু ভাগ্যগুনে বেঁচে যান। তবে বাঁহাতি ব্যাটসম্যান আউট হতে বেশি সময় নেননি। সাউদির অফ স্টাম্পের বাইরের একটি বলে ক্যাচ দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ডি গ্র্যান্ডহোমের হাতে (৭ বলে 8)। সৌম্যর পর দ্রুত সাকিবের উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: ৩২.৩ ওভারে বাংলাদেশ ৯২/৪। ব্যাট করছেন সাব্বির রহমান ও নাজমুল হোসেন শান্ত। ফিরে গেছেন মাহমুদউল্লাহ (৩৮) সাকিব আল হাসান (৮), সৌম্য সরকার (৩৬), তামিম ইকবাল (৮)।
তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ঘাটতি পুষিয়ে নিতে চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু উইকেট ভেজা থাকায় সেটি সম্ভব হয়নি। খেলা শুরু হয় স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টা)। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৮৯ রানের জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় দিন শেষ করে ৭ উইকেটে ২৬০ রানে। হেনরি নিকোলস ৫৬ ও টিম সাউদি ৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন।
ইত্তেফাক/কেকে
