ঢাকাই চলচ্চিত্রে নায়ক সঙ্কট প্রসঙ্গটি এখন অনেকটাই থেমে গেছে। কারণ নতুন যেসব চলচ্চিত্র মুক্তি পাচ্ছে বা শুটিং চলছেন সেগুলোর অনেক ছবিতে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে নতুন মুখ। আর দর্শকদের এই নতুন নায়কের ছবির গ্রহণযোগ্যতাও শুরু হচ্ছে ধীরে ধীরে। কিন্তু কয়েকবছর আগেও সেই অবস্থাটা ছিল না ঢালিউড ইন্ডাস্ট্রিতে।
বছরে হাতে দু-একটি ছবি ছাড়া আর কোনো কাজ থাকতো না। যদিও হাতে একাধিক ছবি থাকতো, তথাপি এর শুটিং আদতে শুরু হবে কি-না তা নিয়ে ছিল দ্বিধা-দ্বন্দ্ব। তবে এখন সেই চিত্রটা অনেকটাই পাল্টে গেছে। এ সময়ে চলচ্চিত্রের নিয়মিত মুখ সায়মন সাদিকও রয়েছেন একের পর এক ছবির ব্যস্ততায়। তবে শুরু শুটিং এই ব্যস্ত নেই সায়মন। ছবিগুলো মুক্তিও পাচ্ছে ঠিকঠাক। চলতি সময় সায়মন ‘জল শ্যাওলা’ শিরোনামে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। মুন্সিগঞ্জে ছবিটির শুটিং চলছে।
ছবিটি প্রসঙ্গে সায়মন বলেন, ‘ছবি নিয়ে আমাদের ধ্যান ধারণা অনেকটাই পাল্টেছে। আমার ক্যারিয়ারের শুরুর দিকে যে ধরনের ছবির গল্প পেতাম সেই জায়গা থেকে আমাদের গল্প এখন উন্নত। ছবির স্ক্রিপ্ট পাওয়ার অভিজ্ঞতা বদলেছে। এক বছর আগেও যেমন তামিল ছবির গল্প থেকে কেটে ছেঁটে গল্প নিয়ে আসতো সেটির অনেক পরিবর্তন এসেছে। এখন সবাই গল্পের দিকে জোর দিচ্ছেন। একটি গল্প নিয়ে রিসার্চ হচ্ছে। বিশেষ করে নতুন যারা নির্মাণে আসছেন তারা অত্যন্ত পরিশ্রমী। জল শ্যাওলা ছবিটি করতে এসেও আমি এ বিষয়টি উপলব্ধি করেছি।’
সায়মনের হাতে এখন বেশকিছু ছবি রয়েছেন। এই ছবিটির কাজ শেষ করে ঢাকায় ফিরে পরবর্তী ছবির শুটিং শুরু করবেন সায়মন।
ইত্তেফাক/এমএআর
