আগামীকাল মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ছাত্রলীগের পুনর্মিলনীকে কেন্দ্র করে যেন কোনো ধরণের যানজট সৃষ্টি না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
তারা বলেছেন- পুনর্মিলনী অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে আসার জন্য ছাত্রলীগের সারাদেশের নেতা-কর্মীদের নিদের্শনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগের শীর্ষ দুই নেতা এ নির্দেশনা দেন।
সাইফুর রহমান সোহাগ বলেন, ছাত্রলীগের পুনর্মিলনী, বাংলাদেশের পুনর্মিলনী। সংগঠনের সারাদেশের সাবেক ও বর্তমান নেতাদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠবে ছাত্রলীগের পুনর্মিলনী। এ অনুষ্ঠানটি যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য ৫টি উপ-কমিটি গঠন করা হয়েছে। তারা নিয়মিত কাজ করছেন। পুনর্মিলনীকে কেন্দ্র করে ঢাকায় কোনো ধরণের যানজট সৃষ্টি না হয় সেজন্য বিশেষ পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে কথা বলেছি। তারাও বিভিন্ন পরামর্শ দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়িগুলো যেন রাস্তার ওপরে বা যত্রতত্র পার্কিং করা না হয় সেজন্য শৃঙ্খলা উপ-কমিটি করা হয়েছে। এসব গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম, মলচত্বর, মহসিন হলের খেলার মাঠ ও ফুলার রোডে পার্কিং করা হবে। কোনোভাবেই রাস্তায় গাড়ি রাখতে দেয়া হবে না। শৃঙ্খলা উপ-কমিটির ৩৫ জন সদস্য সকাল থেকে রাত পর্যন্ত এ বিষয়ে কাজ করবেন। যদি কেউ শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
জাকির হোসাইন বলেন, ছাত্রলীগ একটি সৃশৃঙ্খল ছাত্রসংগঠন। পুনর্মিলনীতে এ সংগঠনের কোনো নেতা-কর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। মিছিলগুলো রাস্তার একপাশ দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসবে। কেউ কোনো গাড়ি আটকিয়ে মিছিল নিয়ে আসবে না। এরপরেও যদি পুনর্মিলনীর কারণে নগরবাসীর কোনো ধরণের সমস্যা সৃষ্টি হয় বা কষ্ট পেয়ে থাকেন তাহলে সংগঠনের পক্ষ থেকে অগ্রীম দুঃখ প্রকাশ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, মেহেদী হাসান রনি, জাহাঙ্গীর আলম, রিফাত জামান, মনির হোসেন, শাহাদাত হোসেন রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, চন্দ্র শেখর মণ্ডল, শেখ ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, আশিকুল পাঠান সেতু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা, গণযোগাযোগ সম্পাদক ফরহাদুজ্জামান মনির, বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক আনন্দ শাহা পার্থ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
