সিরিয়া শান্তি আলোচনার প্রথম দিনে কথার লড়াই

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ২৩:২০

কাজাখিস্তানে রাশিয়া, তুরস্ক ও ইরান সমর্থিত শান্তি আলোচনার প্রথম দিনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কথার যুদ্ধ চলেছে। সিরিয়া প্রতিনিধি দলের প্রধান বাশার জাফারি ও বিদ্রোহীরা একে অপরকে দোষারোপ করেছেন।

বিদ্রোহী প্রতিনিধি মোহাম্মদ আলাউশ বলেন, সিরিয়ায় তুরস্ক ও রাশিয়া সমর্থিত অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে সিরিয়া সেনাবাহিনী। জবাবে আসাদ সরকারের প্রতিনিধি দলের  প্রধান জাফারি তার মন্তব্যকে আক্রমণাত্মক বলে অভিহিত করেন। তিনি বলেন সিরিয়া গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধান বিদ্রোহীদের পছন্দের, কিন্তু অবশ্যই একমাত্র নয়।

কাজাখিস্তানের রাজধানী আস্তানায় শুরু হওয়া এই শান্তি আলোচনায় প্রথমবারের মত আসাদ সরকারবিরোধী সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে। গত বছর জাতিসংঘ সমর্থিত শান্তি আলোচনায় ছিল সিরিয়া থেকে বহিষ্কৃত রাজনৈতিক নেতারা। তবে গত এপ্রিলে কোনো ধরণের অগ্রগতি ছাড়াই সেই শান্তি আলোচনা ভেস্তে যায়।

২০১১ সাল থেকে আসাদ সরকার উৎখাতে শুরু হওয়া সশস্ত্র বিদ্রোহে এখন পর্যন্ত ৩ লক্ষ মানুষ নিহত হয়েছে, ১ কোটি ১০ লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। সোমবার কাজাখিস্তানের একটি হোটেলে সিরিয়া সরকার প্রতিনিধি ও সশস্ত্র বিদ্রোহীদের প্রতিনিধির মধ্যে একটি বড় গোল টেবিলে আলোচনা শুরু হয়। বৈঠকে আরো ছিল আসাদ সরকারকে সমর্থনকারী রাশিয়া ও ইরান, এবং বিদ্রোহীদের সমর্থনকারী তুরস্কের প্রতিনিধিরা। এছাড়া ছিলেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টিফান ডি মিস্তুরা। বিবিসি।

ইত্তেফাক/এসএসএ