ব্যাংকিং খাতের প্রভাবে পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ০৯:১৭
 
পুঁজিবাজারে ব্যাংকিং খাতের শেয়ারে তেজিভাব দেখা দিয়েছে। গতকাল সোমবার বাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ারদর বেড়েছে। কমেছে একটির আর অপরিবর্তিত রয়েছে একটি ব্যাংকের শেয়ারের দাম। এ খাতের শেয়ারের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৭০ শতাংশ। খাতভিত্তিক দাম বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে সেবা খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে ১ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।
 
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল ডিএসইতে ১৫৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৪২টির। শেয়ারের দাম বাড়ার তালিকায় খুব বেশি কোম্পানি না থাকলেও ব্যাংকিং খাতের প্রভাবে বেড়েছে সূচক। ডিএসইর সার্বিক মূল্য সূচক ডিএসইএক্স গতকাল বেড়েছে ৬৬ পয়েন্ট।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতের মূলধন অনেক বেশি। তাই এ খাতের শেয়ারের দাম বাড়লে সূচকে এর প্রভাবও অনেক বেশি। অন্য খাতের তুলনায় ব্যাংকিং খাতের প্রভাবই সূচকে বেশি। এ খাতের শেয়ারের দাম কমলেও প্রভাব পড়ে ব্যাপকভাবে।
 
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইতে শেয়ারের দাম বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল ব্যাংক। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক। আইডিএলসির বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল বাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাত ঘিরে। এ খাতে লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৫০ শতাংশ।
 
ব্যাংকিং খাতের শেয়ারের দাম বৃদ্ধি প্রসঙ্গে বিনিয়োগকারীরা বলছেন, ব্যাংকগুলো প্রতিবছর অন্তত ১০ শতাংশ হলেও লভ্যাংশ দেয়। ব্যাংকগুলো নিজেদের ‘এ’ ক্যাটাগরিতে রাখতে হলেও এ লভ্যাংশ দেয়। সেই হিসেবে ব্যাংকগুলোর দাম নিচেই রয়েছে। তা ছাড়া অন্য খাতের কোম্পানিগুলো অল্প লভ্যাংশ দিলেও তাদের যে শেয়ারের দাম হয় সে তুলনায় ব্যাংকের দাম কম। তাই বিনিয়োগকারীদের এদিকে আগ্রহ রয়েছে। তবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ব্যাংকিং সেক্টরের খেলাপি ঋণ নিয়ে অনাস্থা রয়েছে। দিন দিন খেলাপি ঋণ যেভাবে বাড়ছে তাতে ব্যাংকের শেয়ারের দাম খুব বেশি বাড়া ইতিবাচক নয়। তবে খেলাপি ঋণ বাড়লেও সার্ভিস চার্জসহ বিভিন্ন খাত থেকে ব্যাংকগুলোর মুনাফা প্রতিবছরই বাড়ছে। এজন্যই বিনিয়োগকারীরা ব্যাংকের শেয়ারের দিকে ভিড়ছেন।
 
ব্যাংকের শেয়ারের দাম বাড়া প্রসঙ্গে গতকাল হারুন সিকিউরিটিজের বিনিয়োগকারী আব্দুল মান্নান বলেন, আগামী দুই তিন বছরের মধ্যে পুঁজিবাজার একটি শক্ত অবস্থানে যাবে। সরকারের পক্ষ থেকে এমন কথা বলা হচ্ছে। আর পুঁজিবাজার শক্ত অবস্থানে যেতে হলে ব্যাংকের শেয়ারের দাম বাড়বেই। কারণ ব্যাংকের শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের একটা বিশেষ আগ্রহ থাকে।
 
গতকাল ডিএসইতে ২ হাজার ১৮০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৭ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ। এ হিসাবে লেনদেন প্রায় ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। গতকাল ডিএসইর মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৬ পয়েন্ট বেশি।
 
গতকাল ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো’র শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ারে ৬৭ কোটি ৪৫ লাখ টাকা  লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪৬ পয়েন্টে।
 
ইত্তেফাক/আরএ