নাইটক্লাবে বলিউডি গানে নাচলেন পারভেজ মোশারফ!

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১০:৪১
অসুস্থ বলে দেশের বাইরে রয়েছেন বেশ কয়েক বছর ধরে। দেশের বাইরে বসেই মাঝে মধ্যে 'বোমা' ছোঁড়েন তিনি। আর তা সংবাদমাধ্যমে উঠে আসায় তীব্র বিতর্ক শুরু হয় বিশ্ব জুড়ে। এই হলো পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশারফের সাম্প্রতিক হাল-হকিকত।
 
আবারও তাকে নিয়ে হৈ চৈ শুরু হয়েছে মূলধারার সংবাদ মাধ্যম ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে। তবে এর পেছনে এবার তার মুখ ফসকে বের হওয়া 'বোমা' নেই।
 
তবে কী  করলেন মোশারফ? বিদেশের একটি নাইট ক্লাবে প্রকাশ্যেই নাচ করতে দেখা গেছে তাকে। পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মীর সেই ভিডিও টুইটারে শেয়ার করেছেন। আর শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে গেছে।
 
ওই ভিডিওতে দেখা যাচ্ছে, নাইট ক্লাবের মধ্যে এক নারীর সঙ্গে উদ্দাম তালে নৃত্য করছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির' জনপ্রিয় গান 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড'-এর তালে ওই নারীর সঙ্গে কোমর দোলাচ্ছেন তিনি।
 
 
এর আগেও মোশারফকে নাইটক্লাবের মধ্যে বেশ কয়েকজন নারীর সঙ্গে নাচ করতে দেখা গেছে বলে দাবি পাকিস্তান টুডে ডটকমের।
 
গত বছর খবরে আসে পারভেজ মোশারফ বেশ অসুস্থ। এমনকি, মেডিকেল রিপোর্ট জমা দিয়ে মোশারফ জানান, পিঠের ব্যথায় ও হৃদরোগে আক্রান্ত তিনি।
 
এবার হামিদ মীরের ওই টুইট থেকে সামনে আসায় মোশারফের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এই হলো ভাইরাল হওয়া সেই ভিডিও...
 
 
ইত্তেফাক/এএম