দুই বছর পর কোয়ার্টারে নাদাল

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১২:৩১
দীর্ঘ প্রতীক্ষা। চোট-আঘাতে বিধ্বস্ত ছিলেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়া ওপেনে ফিরেছেন। প্রত্যাশা ছিল না। তাও কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেললেন।
 
২ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াইয়ে রড লেভার এরিনায় দু’বছর পরে কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। গায়েল মনফিসকে হারালেন ৬-৩, ৬-৩, ৪-৬ ও ৬-৪ সেটে।
 
২০১৫ সালে শেষবার ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে উঠেছিলেন নাদাল। এরপর থেকে কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠেননি তিনি।
 
স্প্যানিশ টেনিস তারকার অনবদ্য পারফরম্যান্সে জয় ছিনিয়ে নেন। চোট-আঘাতে জর্জরিত নাদালের এই কামব্যাকে রড লেভার এরিনা উচ্ছ্বাসে ভাসল। এই জয়ের পরে ক্যারিয়ারের ১৫ নম্বর গ্র্যান্ডস্লামের স্বপ্ন দেখা শুরু করেছেন নাদাল অনুরাগীরা।
 
দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেছেন বিশ্বের দুই নম্বর প্লেয়ার নোভাক জোকোভিচ। এক নম্বরে থাকা অ্যান্ডি মারেও হেরে বিদায় নিয়েছেন। তাই ছেলেদের সিঙ্গলসে সুযোগ এখন অনেকটাই বেশি।
 
কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরার ও রাফায়েল নাদালের মতো খেলোয়াড় আছেন। এই ধরনের মঞ্চে জিততে গেলে প্রয়োজন অভিজ্ঞতা, যা দুই খেলোয়াড়ের অগাধ আছে।
 
ম্যাচ জয়ের পরে নাদাল বলেন, 'ভালো প্রতিপক্ষের বিরুদ্ধে জয় অনেকটাই বড় ব্যাপার। আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। মৌসুমের শুরুতে গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ভালো খবর।'
 
২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পরে এখন নাদালের লক্ষ্য সেমিফাইনাল। তবে অ্যান্ডি মারে বা জোকোভিচ না থাকলেও নাদালের বড় প্রতিপক্ষ হতে চলেছেন মিলস রাওনিক।
 
ইত্তেফাক/এএম