সিরাজগঞ্জে বাস হেলপার ও কন্ডাক্টরকে মাদক আইনে যাবজ্জীবন কারাদণ্ড এবং অস্ত্র আইনে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জাফরোল হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়া জেলার মিরপুর থানার সাহেব নগর গ্রামের বাস কন্ডাক্টর খোকন মিয়া (৪০) ও মেহেরপুর জেলার গাংনী গ্রামের বাস হেলপার সবুজ হোসেন (৩০)।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১০ আগস্ট সকালে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান)। এদিন দুপুরে মেহেরপুর হতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় পৌঁছালে র্যাব সদস্যরা বাসের গতিরোধ করে তল্লাশি চালায়।
এ সময় বাসের ৩নং সিটের পিছন থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি), দুইটি ১২ বোরের শর্টগানের গুলি (কার্তুজ) ও পাঁচ শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের হেলপার সবুজ ও কন্ডাক্টর খোকনকে আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে অস্ত্র ও হেরোইন নিজেদের বলে তারা স্বীকার করে।
পরে এ ঘটনায় র্যাব ডিএডি নুরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত অভিযোগ আমলে নেয়।ঠ দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ মামলার রায় প্রদান করেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ
