লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জুরাবান্ধা গ্রামের হরিদেব দয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ বানিজ্যের ঘটনাকে কেন্দ্র করে স্কুল চলাকালীন সময়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক ও ছাত্র সহ ৬ জন আহত হয়েছে।
আহতরা হলেন, প্রধান শিক্ষক শ্রী মনোরঞ্জন রায়, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র আকরাম হোসেন, ৮ম শ্রেণীর ছাত্র নিশাত, ও ১০ম শ্রেণীর আকাশ, শরিফুল ও আতিকুল।
এ ব্যাপারে সদর থানায় প্রধান শিক্ষক ৬ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযুক্তরা হলেন, স্থানীয় গৌরগোবিন্দ এলাকার আবু সিদ্দিক মিয়ার সন্ত্রাসী পুত্র ইকবাল (২৪) ও আরিফুল (২২), মকবুল হোসেনের পুত্র মুকুল মিয়া(৩২), আবু বক্করের পুত্র ঈমান আলী (২৮), আব্দুল গফুরের পুত্র সুর্য মিয়া (১৯) ও মৃত ফজল উদ্দিনের পুত্র সিদ্দিক মিয়া (৫৮)।
এজাহারে বলা হয়েছে, আজ ২৪ জানুয়ারী (মঙ্গলবার) স্কুল চলাকালীন সময়ে ৬ অভিযুক্ত বেআইনিভাবে স্কুলে প্রবেশ করে নিজ প্রার্থীকে নিয়োগের বিষয়ে প্রধান শিক্ষককে উত্তেজিতভাবে জিজ্ঞাসা করে। এক পর্যায়ে প্রধান শিক্ষককে লাঠি দিয়ে আঘাত করে।
এ ব্যাপারে অভিযুক্ত পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রধান শিক্ষকের নিয়োগ বানিজ্যে বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এজাহার পেয়েছি। আমারা তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছি।
ইত্তেফাক/এএন
