দক্ষিণ চীন বিষয়ে ট্রাম্পকে চীনের হুশিয়ারি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২৩:১২

ট্রাম্প প্রশাসন বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনের ‘দখলদারিত্ব’ অবসানের শপথ নিলে কড়া ভাষায় হুশিয়ারি জারি করেছে চীন। দক্ষিণ চীন সাগরে নিজেদের তর্কাতীত সার্বভৌমত্বের কথা বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই অঞ্চলে চীনের অধিকার রক্ষায় কঠোর ভূমিকা পালন করবে।


এর আগে সোমবার হোয়াইট হাউজ মুখপাত্র বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে নিজেদের স্বার্থের সুরক্ষা নিশ্চিত করবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, এই ধরণের কোনো পদক্ষেপ নেয়া হলে সেটি বিধ্বংসী মুখোমুখি লড়াইয়ের দিকে এগিয়ে যাবে।
 

উল্লেখ্য, বারাক ওবামা প্রশাসন দক্ষিণ চীন দ্বন্দ্বে কোনো পক্ষে কথা বলেননি। গত বছর একটি বি-৫২ বোম্বার পাঠানোর পাশাপাশি সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই অঞ্চলের সামরিকায়নের সমালোচনা করেছিলেন।

চীন ছাড়াও তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রুনাই ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের সম্পদ প্রাচুর্য সম্পন্ন এলাকার মালিকানার দাবিদার, এটি জাহাজের গুরুত্বপূর্ণ রুটও বটে। নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া ভাষার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, দক্ষিণ চীন ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই অংশীদার নয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুইনিং বলেন, চীন এই বিবাদ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। চীন এই অঞ্চলে মুক্ত জাহাজ ও বিমান চলাচলের পথের নীতিকে সমর্থন করে। এই বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার এবং আমাদের কার্যক্রম সম্পূর্ণ আইন অনুযায়ী। বিবিসি।

ইত্তেফাক/এসএসএ