শিরোনাম দেখে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে! পড়ারই কথা, হলিউডের অস্কারজয়ী তারকা জুলিয়া রবার্টসের অভিনয় নিয়ে প্রশ্ন তোলে এমন সাধ্য কার! অথচ এই শিল্পী রেজি অ্যাওয়ার্ডসের ৩৭তম আসরে মনোনয়ন পেলেন বাজে অভিনয়শিল্পীর।
গোল্ডেন র্যাজবেরি অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবছর হলিউডের সবচেয়ে দর্শকবিমুখ ছবিগুলোকে ব্যাঙ্গ করে দেওয়া হয় রেজি অ্যাওয়ার্ডস।
ফ্যাশন শিল্প নিয়ে বিদ্রুপাত্মক ছবি ‘জুল্যান্ডার টু’, ‘ডার্টি গ্র্যান্ডপা’, অ্যাকশন ছবি ‘ইন্ডিপেন্ডেন্স ডে: রিসারজেন্স’, ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ধাঁচের ছবি ‘গডস অব ইজিপ্ট’ ও প্রামাণ্যচিত্র ‘হিলারিস আমেরিকা:দ্য সিক্রেট হিস্ট্রি অব ডেমোক্রেটিক পার্টি’, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান:ডন অব জাস্টিস’-এর মতো চলচ্চিত্রগুলো রয়েছে মনোনয়ন তালিকায়।
রোমান্টিক কমেডি ধাঁচের ছবি ‘মাদারস ডে’র জন্য মনোনীত হয়েছেন জুলিয়া রবার্টস। শুধু তিনি নন, একই বিভাগে মনোনয়ন পাওয়া অন্য অভিনেত্রীরা হলেন মেগান ফক্স, টাইলার পেরি, রেবেকা টার্নার, নাওমি ওয়াটস ও শেইলিন উডলি। উল্লেখ্য, বিশ্বের ২৪টি দেশে রেজির ১ হাজার সদস্যের অনলাইন ভোটে তৈরি হয়েছে এ মনোনয়ন তালিকা। ৪০ ডলারের বিনিময়ে সদস্য হয়ে ভোট দিয়ে থাকেন তারা।
ইত্তেফাক/এমএআর
