আজ বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে প্রাচ্যনাট্যের ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ নাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
২০০৫ সালে সাভারের পলাশবাড়িতে ধসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। সেই ঘটনায় নিহত হয় প্রায় ৬৪ জন। তদন্ত কমিটির প্রতিবেদনে জানা যায়, কোনো রকম ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিল একটি জলাভূমির ওপর। নাটকে এই গল্প তুলে ধরা হয়েছে।
নাটকের একটি চরিত্রের নাম তারাভান। সেদিনের নাইট শিফটে কাজ করতে আসা কর্মীদেরই প্রতিচ্ছবি তার মাঝে খুঁজে পাওয়া যাবে। বিভিন্ন চরিত্র দেখা যাবে শাহানা সুমি, শাহরিয়ার রানা জুয়েল, প্রদ্যুৎ ঘোষ, ফুয়াদ, ফরহাদ প্রমুখকে।
নাটকটির সঙ্গীত পরিকল্পনা করেছেন নীল কামরুল, পোশাক পরিকল্পনায় বিলকিস জাহান জবা। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবুল হাসনাত রিপন।
ইত্তেফাক/এমএআর
