মেয়ের জন্য ৫০ পর্যন্ত খেলতে চান গেইল

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১২:২০
ক্রিস গেইল মানেই বিতর্ক। কখনো তিনি সুন্দরী সঞ্চালিকাকে সর্বসমক্ষে প্রেমের প্রস্তাব দিয়ে বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিচ্ছেন, কখনো আবার দীঘল চেহারার এই 'ক্যারিবিয়ান দৈত্য' রাস্তায় অশ্লীলভাবে নেচে গোটা দুনিয়ার কাছে হয়ে উঠছেন নিন্দিত এক ক্রিকেটার।
 
এ হেন ক্রিস গেইল ক্রিকেট মাঠে বিস্ময়, ব্যাট হাতে নামলে বিপক্ষের বোলারের নুন্যতম শান্তিও উবে যায়। টেস্ট ক্রিকেটে তার নামের পাশে লেখা রয়েছে দু’টি ত্রি-শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানের মালিক তিনি। দু-দু’বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য গেইল। তবুও তার নাকি আরও কিছু করার বাকি। তার কাজ এখনও পুরোদস্তুর শেষ হয়ে যায়নি।
 
সম্প্রতি এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, তিনি পঞ্চাশ বছর পর্যন্ত ক্রিকেট খেলে যেতে চান। কিন্তু কেন? পঞ্চাশ বছর পর্যন্ত ক্রিকেট কেন খেলতে চাইছেন গেইল? পিছনের কারণ জানলে গেইল সম্পর্কে সমস্ত ধারণা বদলে যাবে। তিনি যে পার্টিতে আগুন ধরান, নারী পরিবেষ্টিত হয়ে থাকতে পছন্দ করেন— সব ভুলে যাবেন ভক্তরা।
 
গেইলের মেয়ে ক্রিসালিনার বয়স এখন মাত্র ৯ মাস। ক্রিসালিনা বড় হয়ে গ্যালারিতে বসে বিধ্বংসী ওপেনারের খেলা দেখবেন, এমনটাই আশা বাবা গেইলের। মূলত মেয়ের জন্যই গেইল এখনই ক্রিকেট ছাড়বেন না।
 
তার একটাই লক্ষ্য, পঞ্চাশ বছর বয়স পর্যন্ত খেলে যাবেন। তার পরে নেবেন অবসর। গেইলের এমন চিন্তার মধ্যেই ফুটে উঠছে স্নেহশীল এক বাবার ছবি।
 
গেইল নিজ মুখে এ কথা স্বীকার করেছেন ‘ফক্স স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে গেইলকে বলতে শোনা গেছে, ‘প্রথম ক্রিকেটার হিসেবে আমি পঞ্চাশ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই। স্ট্যান্ডে বসে মেয়ে বাবার খেলা উপভোগ করবে, এটাই আমি চাই।’
 
কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া মোটেও সহজ ব্যাপার নয়। বয়সকে হারানোর ক্ষমতা যে নেই কারোর। গেইল কি পারবেন বয়সকে ছক্কা হাঁকিয়ে গ্যালারিতে ফেলতে?
 
এই বাউন্সারের জবাবে গেইল বলেন, ‘বয়স কেবল একটা সংখ্যা মাত্র। এর বেশি কিছু নয়। পুরোটাই শরীরের উপরে নির্ভর করে। অল্প বয়সে অনেক কিছু করা যায়। পার্টি করা যায় বেশি।’
 
গেইল তো পার্টির জন্যই বিখ্যাত এবং কুখ্যাত। এ রকম এক ক্রিকেটারের মুখে যখন শোনা যায়, মেয়ের জন্যই তিনি প্রলম্বিত করতে চান নিজের ক্রিকেট-জীবন, তখন মানুষটার উপরে শ্রদ্ধা বাড়তে বাধ্য।
 
ইত্তেফাক/এএম