গেল বছর কলকাতার কিছু আলোচিত সিনেমা বেশ প্রশংসা কুড়িয়েছে। যে সিনেমাগুলোয় মারদাঙ্গা মারপিট, আহামরি গান বা জাকজমকপূর্ণ শ্যুটিং আবহ না থাকলেও নির্মাণ করা হয়েছে পরিবারের একেবারে ভেতরকার গল্প, ব্যাথা-বেদনা, ভালবাসা আর সম্পর্কের কাটাছেড়ায়।
এরকম একটি গল্পে আবারো আসছে ‘৬১ গড়পার লেন’ সিনেমা। গতকাল সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি নির্মাণ করছেন রাজেশ দত্ত ও ইপ্সিতা রায় সরকার।
সেইসঙ্গে প্রকাশ করা হয়েছে ‘৬১ গড়পার লেন’র মিউজিক অ্যালবাম। সিনেমাটির গল্প উত্তর কলকাতার গড়পার লেনের এক ভাড়াবাড়িকে কেন্দ্র করে গল্প এগিয়ে চলে। এই বাড়ির আট ভাড়াটে পরিবার এই গল্পের কেন্দ্রবিন্দু।
সিনেমাটিতে দেখা যাবে প্রিয়াংশু চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষসহ আরো অনেককে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন নচিকেতা।
মিউজিক অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, সুমিত সমাদ্দার, মনোজ নিত্র, খরাজ মুখোপাধ্যায়।
ছবি প্রযোজনা করেছে অ্যাক্টর স্টুডিও প্রোডাকশন হাউস।
ইত্তেফাক/এমএআর
