‘জানেমান’এ নতুনত্ব নিয়ে আসছি: অমিত হাসান

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৪:৫৬
 
অমিত হাসান, বাংলা চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা। এক সময়কার জনপ্রিয় নায়ক, বর্তমানে ভিলেন হিসেবে কাঁপাচ্ছেন রূপালি সিনেমার পর্দা। সবশেষ গেল বছর তাকে দেখা গেছে ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’ ও শামিম আহমেদ রনির ‘বসগিরি’ সিনেমায়।
 
নতুন বছরে তার ‘মায়াবিনী’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এখন তিনি কোথায় আছেন, নতুন কাজ নিয়ে আসছেন-বিস্তারিত বিষয়ে কথা হলো ইত্তেফাক অনলাইনের সঙ্গে।
 
কোথায় কী কাজ নিয়ে ব্যস্ততা, এমন প্রশ্নে অমিত হাসান বলেন, কোন কাজ না, কাজ ছাড়ায় ঢাকার বাইরে একটু বাড়িতে বেড়াতে এসেছি। কয়েকদিনের মধ্যে আবার চলে আসবো। 
 
অমিত হাসান শিগগিরই নতুন একটি সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন। সে বিষয়েও জানালেন তিনি। ছবির নাম ‘জানেমান’। ছবিটি পরিচালনা করছেন নিরঞ্জন বিশ্বাস। 
 
অমিত বলেন, ডিরেক্টর আমাকে আমার ক্যারেক্টার বলেছে। গল্প শুনে ভাল লেগেছে। কাহিনীতে নতুনত্ব রয়েছে। আশা করছি কাজ শুরু বাকিটা করলে বুঝতে পারবো। 
IMG0
তবে ‘জানেমান’ সিনেমা নিয়ে নতুন খবর হলো এখানে তার সঙ্গে প্রথমবারের মতো অভিনয় করছেন অভিনেত্রী মুনমুন। যদিও সিনেমায় তারা ভাইবোন হিসেবে আসছেন। 
 
গল্পের বিষয়ে অমিত বলেন, আমি ও মুনমুন এবারই প্রথম ভাইবোনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। ছবির নায়ক বাপ্পিকে পেতে মরিয়া মুনমুন এবং অন্যদিকে বাপ্পির নায়িকা পিয়া বিপাশাকে আমি পছন্দ করি। পিয়াকে আমি এবং বাপ্পিকে মুনমুন পাওয়ার জন্য নানান ফন্দি করতে দেখা যাবে। দর্শক আকর্ষণীয় চক্রান্তে গল্পটি সাজানো হয়েছে। 
 
উল্লেখ্য, অমিত হাসান অভিনীত ‘মায়াবিনী’ ছবিটি আসছে ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। পরিচালনা করেছেন আকাশ আচার্য্য। 
 
ইত্তেফাক/এমএআর