আন্তর্জাতিক শুল্ক দিবস আগামীকাল বৃহস্পতিবার। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডাব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে প্রতিবছরের মতো এবারো নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দিবসটির তাত্পর্য তুলে ধরে বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন সংস্থার চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব আদায়ে সহযোগিতা করায় ৫ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া এনবিআরের ১৫ কর্মকর্তাকে স্বীকৃতিমূলক পুরস্কার দেয়া হবে।
নজিবুর রহমান বলেন, দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে এনবিআর। আগামীকাল সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ রাজস্ব ভবনের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেলে এনবিআরের নিজস্ব ভবনে সেমিনার এবং ওয়াল্ড কাস্টমস অর্গানাইজেশন সার্টিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
তিনি বলেন, ১৫ জন কর্মকর্তা এবং ৫ জন স্টেকহোল্ডার ‘ওয়ার্ল্ড কাস্টমস ওরগানাইজেশন সাটিফিকেট অব মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো-অ্যাটর্নি জেনারেলের অফিস, র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব), কোস্ট গার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, দেশের রাজস্ব ক্রমশ বাড়ছে বৈ কমছে না। রাজস্বের প্রয়োজনে এনবিআর মানুষের দ্বারে দ্বারে যাবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে রাজী রাজস্ব বোর্ড। এক্ষেত্রে রাজস্ব আদায়ে নতুন অধ্যায় সৃষ্টি করবে এনবিআর।
ইত্তেফাক/এএম।
