তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে চক্রান্তমূলক প্রস্তাব দিচ্ছেন। তার উদ্দেশ্য নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন।
বুধবার রাতে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সার্চ কমিটি রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। কমিটিতে যারা আছেন তারা সবাই সাংবিধানিকভাবে স্বাধীন। তাদের প্রতি সবার আস্থা রাখতে হবে। বিএনপি বিকল্প প্রস্তাবের নামে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। সেই ফাঁদে বিএনপি এগিয়ে গেলেও এদেশের জনগণ যাবে না। বিএনপিকে সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট স্থায়ী প্রস্তাব দিতে হবে।
তিনি বলেন, সরকারি নবম ওয়েজবোর্ড গঠন প্রক্রিয়া শুরু করেছে। একজন বিচারপতি নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। এ সংক্রান্ত পরিপত্র জারির পর তিন পক্ষের সঙ্গে আলাপ করে ওয়েজবোর্ড গঠন করা হবে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে নবম ওয়েজবোর্ড গঠনের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের হাট যশোরের সভাপতি রবিউল আলম। চাঁদের হাট যশোরের সাধারণ সম্পাদক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন পুষ্পমেলা, চিত্র প্রদর্শনী ও পিঠুপুলি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মবিনুল ইসলাম মবিন। বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ কবীর।
ইত্তেফাক/ইউবি
