খণ্ডকালীন চাকরিতে নারী বিক্রেতা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০৮:৫৩
ব্যবসা একটি আর্ট। যার মাধ্যমে উপকৃত হয়েছে পুরুষের পাশাপাশি তরুণীরাও। বাড়ছে কর্মক্ষেত্র। পাশাপাশি বাড়ছে ব্যবসার ধরন। পণ্য বিক্রি সহায়ক হয়ে উঠেছেন নারী বিক্রেতারা। যেন তাদের উপস্থিতি পণ্যের মর্যাদা বাড়িয়ে দেয়। পাশাপাশি কাজের প্রতি উত্সাহ বাড়ছে নারীদের। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের প্রচার প্রচারণা শেষের দিকে। মাস জুড়ে এ প্রচার প্রচারণায় ছেলেদের চেয়ে মেয়েরাই অনেক এগিয়ে। মেলার স্টল ও প্যাভিলিয়ন ঘুরলে এমন চিত্র চোখে পড়বে।
 
পণ্য বিক্রি এবং প্রচারণার কাজ বেশিরভাগ মেয়েরাই করছেন। এদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেয়েরা এখন তাদের সময় নষ্ট করছেন না। পড়াশোনার ফাঁকে ফাঁকে সময়টাকে কাজে লাগাচ্ছেন নানা ধরনের খণ্ডকালীন চাকরিতে। বছরের শুরুতে বাণিজ্য মেলা আসলেই প্রায় ২ হাজার মেয়ে খণ্ডকালীন কাজ করার সুযোগ পান। পত্রিকায় বিজ্ঞাপন অথবা আগে কাজ করার সুবাদে মেলে তাদের এই চাকরি। ভালো বেতনও পান তারা। কেউ পার্টটাইম আবার কেউ ফুলটাইমে চাকরি করছেন বাণিজ্য মেলায়। তাদের প্রতিদিন ৫০০ টাকা থেকে ৮০০ টাকা দিয়ে থাকে কর্তৃপক্ষ। মেলায় খণ্ডকালীন চাকরির জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়ে মুখোমুখি হতে হয়েছে মৌখিক পরীক্ষায়। অনেক কোম্পানি লিখিত পরীক্ষার মাধ্যমে বাছাই করেন বিক্রয়কর্মী। 
 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী অনিন্দিতা। খণ্ডকালীন কাজের জন্য মেলার একটি প্রসাধনী স্টলে এসেছেন তিনি। তিনি ইত্তেফাককে বলেন, এখানে কাজ করতে এসে অনেক রকমের মানুষের সঙ্গে মিশে নানা ধরনের অভিজ্ঞতা লাভ করা যায়। বছর শুরুতে তেমন ক্লাস থাকে না। তাই খণ্ডকালীন কাজ করতে মেলায় আসা। বিক্রয় কর্মী হিসেবে কাজ করলে মোটিভেশন পাওয়ার বাড়ে যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সুবিধা হয়। পাশাপাশি হাত খরচ উঠে আসে। 
 
বিক্রয়কর্মী হিসেবে সব মেয়েরাই সুযোগ পাচ্ছেন না মেলায় খণ্ডকালীন কাজ করার। ইংরেজি এবং বাংলায় সুন্দর করে কথা বলতে জানতে হয়। পণ্য বিক্রি এবং প্রচারণার জন্য ভালো মটিভেটিং পাওয়ার থাকতে হয়। ভালো কণ্ঠস্বর এবং সুন্দরীতো হতে হয় বটেই, জানিয়েছেন পল্লি টেকনোলজি ফ্যাশন প্রোডাক্টস্ স্টলের এক কর্মকর্তা আমিনুল ইসলাম। বিক্রয়কর্মী হিসেবে মেয়েদের কেন বেশি নেয়া হয় - এরূপ প্রশ্নে তিনি জানান, মেয়েরা বেশি পণ্য বিক্রি করতে পারে এবং তারা ক্রেতাদের ভালো মোটিভেট করতে পারেন।
 
ইত্তেফাক/এসএস