গত সপ্তাহে সারাদেশে মুক্তি পেয়েছে মিজানুর রহমান লাবু পরিচালিত চলচ্চিত্র ‘তুখোড়’। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় কাজ করেছেন শিবলী নওমান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার রাতশ্রী দত্ত।
বড়পর্দায় নিজের প্রথম কাজ সম্পর্কে জানতে চাইলে শিবলী বলেন, ‘আমি আমার কাজের জায়গা থেকে প্রথম চলচ্চিত্র ‘তুখোড়’ নিয়ে সন্তুষ্ট। ঠিক কতটা সেটা পরিমাপ করে বলা মুশকিল। যেহেতু আমি নতুন, একদম নবাগত জুটিকে দর্শক কিভাবে নেবে সেটা ছিল আমার জন্য বাড়তি চাপ। চলচ্চিত্রের ক্যাম্পেইন এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন হলে গিয়েছি।’
তিনি আরো বলেন, ‘দর্শক আমার কাজের প্রশংসা করছেন, অনুপ্রেরণা জোগাচ্ছেন এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। আমি সবসময় ভাবি আমাকে আমার কাজটি শুধু করলেই হবে না, যাদের জন্য করছি সেই দর্শকদের স্বীকৃতি পাওয়াটা খুব জরুরি। আমরা পুরো ‘তুখোড়’ টিম আমাদের কাজটি শতভাগ শ্রম ও সততার সাথে করেছি। যতদিন হলে চলবে আমরা ফলাফলটাও সেরকম পাবো।’
নবাগত হিসেবে চলচ্চিত্রের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘নতুন হিসেবে আমি এখনো পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে অবগত নই। তবে আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে সবসময় ইতিবাচক ধারণা রাখি।’
ইত্তেফাক/এমএআর
