প্রেজেন্টার্স প্লাটফর্মের দ্বিতীয় সভা অনুষ্ঠিত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১১:০৩
 
প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ (পিপিবি) সংগঠনটি তাদের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে দ্বিতীয় আলোচনা ও আড্ডা অনুষ্ঠিত হলো। উত্তরার দ্যা স্টেজ নামের এক রেস্তোরায় ২৫ জানুয়ারি বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে দেশের প্রায় সকল ব্যস্ত ও জনপ্রিয় উপস্থাপকেরা এক ছাদের নিচে মিলিত হন।
 
সংগঠনটির দ্বিতীয় আলোচনার হোস্ট ছিলেন উপস্থাপক নওশীন।উপস্থাপক নওশীন বলেন,‘ আমরা নিজেদের ভেতরে আলোচনা করেই ঠিক করেছি যে ধারাবাহিকভাবে কার্যনির্বাহী সদস্যরা নিজেরা পর্যায়ক্রমে এক একটি মিটিং এর হোস্ট হবেন। সেক্ষেত্রে দ্বিতীয় আলোচনা আড্ডার হোস্ট হতে পেরেও ভালো লাগছে। কারণ এটা আমাদের নিজেদের জন্য এক প্লাটফর্ম। 
 
সংগঠন সভাপতি আব্দুন নূর তুষার ও সাধারণ সম্পাদক আনজাম মাসুদের নেতৃত্বে সকল সদস্যদের নিয়ে সম্মিলিত আলোচনায় বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। একই সাথে সংগঠনটির গঠনতন্ত্র প্রণয়নের ব্যাপারেও খন্দকার ইসমাইলকে আহবায়ক করে সৈকত সালাহউদ্দিন,আরজে শারমিনসহ ৫ সদস্যের একটি কমিটি তৈরি করা হয়। এছাড়া মাসিক চাঁদা ও বার্ষিক বনভোজনের ব্যাপারে অর্থ সম্পাদক আলিফ আলাউদ্দিন ও নতুন সদস্য নেবার ব্যাপারে দপ্তর সম্পাদক শফিউল আলম বাবুর ওপরে বেশ কিছু দায়িত্ব বর্তায়। পাশাপাশি তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে তানভীর তারেক ও কার্যনির্বাহী সদস্য তালিকা আলিফ চৌধুরীর নাম যোগ হয়।
 
সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমাদের সংগঠনটির যাত্রা কেবল শুরু হলো। তাই এখন সংগঠনটির কার্যক্রম ও আগামী উদ্যোগগুলো নিয়ে আমরা নিয়মিতভাবে এমন আলোচনায় বসবো। একই সাথে নিজেদের সম্প্রীতির জায়গাটাও আরো মজবুত করতে চাই আমরা। কারণ প্রথমত আমাদের উপস্থাপকদের কোনো কমিউনিটিই ছিল না। সেই জায়গা থেকে আমরা শোবিজে বা জাতীয় স্বীকৃতিতে এর একটি ভীত গড়ে তুলতে চাই। সেই লক্ষেই এই যূথবদ্ধ হয়ে কাজ করা।’
 
আলোচনা আর প্রাণবন্ত আড্ডা, রাতের ভুরি-ভোজ শেষে দ্যা স্টেজ রেস্তোরার ছোট্ট মঞ্চে গিটার হাতে উঠে যান আলিফ চৌধুরী, উপস্থাপক খন্দকার ইসমাইল কিছুক্ষণের জন্য সঞ্চালনার দায়িত্ব নিয়ে নেন এবং পিয়ানো বাজিয়ে লাকী আখন্দের বিখ্যাত গান নীল মনিহার ও শিল্পীর নিজের ‘তুমি কার’ গানটি গেয়ে শোনান তানভীর তারেক। পিপিবি’র এই আনন্দঘন সন্ধ্যার আড্ডায় শেষ দিকে যোগ দেন অভিনেতা হিল্লোল।
 
দ্বিতীয় আলোচনা-আড্ডায় আরো ছিলেন ফারহানা নিশো, আরজে সায়েম ,মারিয়া নূর, শান্তা জাহান ও শ্রাবন্য তৌহিদা। তবে ব্যক্তিগত ও পেশাগত জরুরি ব্যস্ততার কারণে বাকি বেশ ক’জন সদস্য উপস্থিত থাকতে পারেননি।
 
 ইত্তেফাক/এমএআর/কেকে