গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে পাইপ উত্তোলনে বাঁধা দেয়ায় দবির উদ্দিন (৪৮) নামে এক নিরাপত্তাকর্মীকে মারধরের মামলায় ১০ সাঁওতালের জামিন মঞ্জুর ও দুই সাঁওতালের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক এ আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া দুই আসামি হলেন গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া সাঁওতাল পল্লীর হোপনা মিস্ত্রির ছেলে মিখাই (৪০) ও মাদারপুর সাঁওতাল পল্লীর বার্ণার ছেলে কৃষ্ণ (৩৯)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মিজানুর রহমান জানান, ইক্ষু খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিনকে মারধর মামলায় ১২ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। কিন্তু বিচারক শুনানি শেষে ১০ আসামির জামিন মঞ্জুর ও দুই আসামির জামিন নামঞ্জুর করে।
প্রসঙ্গত, খামারের ডেপুটি ইনচার্জ (ডিজিএম) মো. আলমগীর হোসেন জানান, ইক্ষু খামারের জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বর্ডিং (পাইপ) বসানো ছিল। গত ১৪ জানুয়ারি কিছু বাঙ্গালি ও সাঁওতালরা ওই বর্ডিংয়ের পাইপ উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় খামারের নিরাপত্তাকর্মী দবির উদ্দিন বাঁধা দিলে তাকে বেদমভাবে মারধর করা হয়।
ইত্তেফাক/ইউবি
