ববি রহমানের ভিন্ন মেজাজের গান 'দুঃখ দুঃখ খেলা'র মিউজিক ভিডিও প্রকাশ হলো আজ। ইমরোজ বিন মশিউর’র কথা ও সুর এবং তাসনুভ নাওয়াল রহমান’র সংগীত আয়োজনে সাউন্ডটেকের প্রযোজনায় প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। রেকর্ডিং স্টুডিও মিউজিক ফ্যাক্টরিতে রেকর্ড ও ধারণকৃত গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন রোকন ইমন।
গানটির গীতিকার ইমরোজ বিন মশিউর বলেন, এটি আমার লেখা প্রকাশিত প্রথম গান। যিনি গেয়েছেন, তারও ডেবিউ সিঙ্গেল। গানটিতে দুঃখকে নানাভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে। আশা করি গানটি মনোযোগী শ্রোতাদের ভালো লাগবে। গানটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করুক, যাতে পরবর্তীতে বর্তমান ভুলগুলো শুধরে নেওয়া যাবে।
গায়ক ববি রহমান বলেন, প্রথম প্রয়াস। ভালো মন্দ বুঝি না। সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। লিরিক ব্যতীক্রমী। সংগীত আয়োজনে স্বতঃস্ফূর্ততা আনার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে ভালো করার বিষয়ে আমাদের সম্মিলিত প্রচেষ্টার ত্রুটি ছিল না। গানটি গ্রহণ করা বা না করার বিষয়টি এবার শ্রোতাদের হাতে ছেড়ে দিচ্ছি।
গানটির ভিডিও ধারণ ও সম্পাদনা করেছেন শাওন মাহমুদ। পরিচালনা করেছেন নির্মাতা নূহু আব্দুল্লাহ। বিশেষ কৃতজ্ঞতাজ্ঞাপনের তালিকায় রয়েছেন বনি বনজি, আলসেল আবেদীন সিজু ও সায়ান মং সাং।
নির্মাতা নূহু আব্দুল্লাহ জানান, ববি রহমানের দুঃখ দুঃখ খেলা গানটির লিরিক শুনে আমার মনে হয়েছিল এমন গান আমাদের জন্য খুব প্রয়োজন। লিরিক ভালো লাগায় তার গানটির মিউজিক ভিডিওটি করার আগ্রহ বোধ করি। তবে খুব অল্প সময়ে কাজটি করে দেওয়ার ঝুঁকি নিয়েছি। দর্শকের ভালো লাগলেই স্বার্থকতা।
ইত্তেফাক এমএআর
