সার্চ কমিটি নিয়ে বিএনপির ইতিবাচক মনোভাব দেখানো উচিত ছিল: নাসিম

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:২৭
 
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সার্চ কমিটি নিয়ে বিএনপির ইতিবাচক মনোভাব দেখানো উচিত ছিল।’ এছাড়াও নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠতি সার্চ কমিটি নিরেপেক্ষ নয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন কথা বলাও ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি ।
 
নাসিম বলেন, ‘সার্চ কমিটিতে যাদের নাম আছে তারা সবাই সন্মানিত ব্যক্তি। তাই আমি মনে করি, বিএনপির দায়িত্বশীল মহাসচিবের সার্চ কমিটি নিয়ে এমন কথা বলা ঠিক হয়নি। এ ব্যপারে ইতিবাচক মনোভাব দেখানো উচিত ছিল।’
 
বৃহষ্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁস্থ ইএনটি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
তিনি বলেন, ‘বিচারকরা কোন দল করেন না। কোন শিক্ষক কি দল করেন? তারা বিভিন্ন পেশায় আছেন তাদের নিজেদের যোগ্যতা বলে। তাদের মনে কোন রাজনৈতিক দলের চিন্তা ভাবনা থাকতে পারে, সেটা অন্য কথা। তারা সবাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত পরিচিত মুখ। তারা কোন দিন কোন বিতর্কিত অবস্থায় ছিলেন না। তাই বিএনপি মহাসচিবের এমন কথা বলা ঠিক হয়নি। ’
 

ইত্তেফাক/এএম।