কাশ্মিরে তুষারধসে কমপক্ষে ১০ ভারতীয় সেনার মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ২২:৪৫

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে তুষারধসে পৃথক দুই ঘটনায় কমপক্ষে ১০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার কাশ্মিরের উত্তরাঞ্চলের বান্দিপোরা এলাকায় এই জোড়া দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 
ভারত-পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণরেখায় প্রহরার দায়িত্বে থাকার সময়ে তুষারধসে ৭ জন নিহত হয়। পৃথক আরেকটি ঘটনায় আরেকটি প্রহরা দল তুষারের নিচে চাপা পড়ে। সেখানে তিন সেনা নিহত হয়েছে এবং আরো ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে একজন মেজর পদমর্যাদার এক কর্মকর্তা তুষারধসে নিহত হন।


উদ্ধারকর্মীরা আরো চার নিখোঁজ সেনার খোঁজে অভিযান চালাচ্ছে। ২০০৬ সালের পরে সবচেয়ে ভয়াবহ শীতের কবলে পড়েছে কাশ্মির উপত্যকায়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে সিয়াচেন হিমবাহে তুষারধসের ঘটনায় ১০ সেনা নিহত হয়েছিল। মঙ্গলবার তীব্র তুষারপাত শুরু হওয়ার পর থেকে কাশ্মির উপত্যকায় ৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হিন্দুস্তান টাইমস।

ইত্তেফাক/এসএসএ