‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’ পেল ২৩৩ শিক্ষার্থী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৪:৫৮

‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’ পেয়েছে ২৩৩ শিক্ষার্থী। শুক্রবার রাজধানীর মহাখালীতে হাজী সাহাব উদ্দীন কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

সাবেক অতিরিক্ত আইজিপি ডক্টর আব্দুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বেসিস সভাপতি মোস্তাফা জব্বার। এ সময় আরো উপস্থিত ছিলেন, ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ, মোবাইল অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসার ম্যানেজিং ডিরেক্টর ও হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি কমিটির চেয়্যারম্যান নাসিমা আক্তার নিশা এবং বৃত্তি কমিটির প্রধান হুমায়ুন কবির রাজিব।

বৃত্তি কমিটির প্রধান হুমায়ুন কবির রাজিব জানান, গত বছর ঢাকার ৪৫ টি স্কুলের ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ৯০০ শিক্ষার্থী ‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’ তে অংশ গ্রহণ করে। এর মধ্যে ২ জন শিক্ষার্থী সুপার ট্যালেন্টপুল , ১৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল, ২০ জন এ গ্রেড, ৫০ জন বি গ্রেড এবং ৭৯ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে নাসিমা আক্তার নিশা জানান, ‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’ দশ বছর ধরে বৃত্তি দিয়ে আসছে। সেই সঙ্গে এর কার্যক্রম আরো প্রসারিত করা হবে।

অনুষ্ঠানে বক্তারা হাজী সাহাব উদ্দীনকে এ অঞ্চলের ‘দানবীর হাজী মুহাম্মদ মহসিন’ বলে উল্লেখ করেন। ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি রাজধানীর বনানীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া এই মহান ব্যক্তি ২০০৫ সালের ২৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক কল্যাণ, দাতব্য কাজই করা ছিল তার মূল লক্ষ্য। এই মহান ব্যক্তির স্মৃতি রক্ষার্থে ২০০৬ সাল থেকে রাজধানীতে চালু করা হয় এ বৃত্তি কার্যক্রম। ক্রমশ দেশের সব জেলাতেই ‘হাজী সাহাব উদ্দীন স্মৃতি বৃত্তি’ কার্যক্রম চালানোর আশা প্রকাশ করেন আয়োজকরা।

ইত্তেফাক/ইএইচএম