‘বিএনপির আন্দোলনের হুঙ্কারে মড়া গাঙ্গে জোয়ার আসবে না’

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৫:৩১
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক, জনপথ এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপির আন্দোলনের হুঙ্কার অতীতের ন্যায় মড়া গাঙ্গে জোয়ার না  আসার মতো। তাদের রাজনীতি এখন প্রেস ব্রিফিং নির্ভর। দলীয় কার্যক্রম পুরোপুরী নালিশ পার্টিতে পরিণত হয়েছে। দেশ বিরোধী কর্মকাণ্ড আর জ্বালাও পোড়াও হত্যাযজ্ঞ তাদের এই পরিণতিতে এনেছে। 
 
শুক্রবার বেলা ১১টায় উত্তরবঙ্গে রাজনৈতিক সফর উপলক্ষে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ সড়কের  সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে যে উন্নয়ন হচ্ছে তা অনেক ক্ষেত্রে উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছে। তাদের বড়-বড় শহরগুলোতে এখন ১০/১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুতের লোডশেডিংয়ে আবদ্ধ থাকে। সেক্ষেত্রে আমরা অনেকটাই অগ্রগামী। 
 
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, স্থানীয় সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/এমআই