যৌন কেলেঙ্কারিতে মেঘালয়ের রাজ্যপালের পদত্যাগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:২৯
যৌন কেলেঙ্কারিতে উত্তরপূর্ব ভারতের মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানাথন পদত্যাগ করেছেন। তার ব্যক্তিগত সচিব সৌরভ পান্ডে এ খবর নিশ্চিত করেছেন।
 
কি কারণে তিনি পদত্যাগ করেছেন, তা অবশ্য জানানো হয় নি। শিলং রাজভবনের প্রায় একশজন কর্মী মি. সন্মুগানাথনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে।
 
গত বুধবার পাঠানো ১১ পাতার ওই চিঠিতে কর্মচারীরা লিখেছিলেন যে মি. সন্মুগানাথনের আচরণ 'উদ্ধত, দাম্ভিক' এবং তিনি 'অসত্য'ও বলেন।
রাজভবনের মর্যাদা পুনরুদ্ধার করার আর্জি জানিয়ে কর্মীরা লিখেছিলেন যে তিনি রাজপাল পদটির মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং তাঁর সরকারী আবাসটিকে 'কমবয়সী নারীদের ক্লাব' বানিয়ে ফেলেছেন।
 
এ সপ্তাহের গোড়ায় শিলংয়ের একটি স্থানীয় সংবাদপত্রে প্রতিবেদন ছাপা হয়েছিল যে এক চাকরীপ্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময়ে অশালীন আচরণ করেছেন তিনি।
 
ওই ঘটনার জন্য পুলিশের কাছে অবশ্য কোনও অভিযোগ দায়ের হয় নি, আর মি. সন্মুগানাথনও ঘটনাটি অস্বীকার করেছিলেন। তারপরেই বৃহস্পতিবার রাতে পদত্যাগ করেছেন তিনি।
 
মেঘালয়ের সঙ্গেই অরুণাচল প্রদেশেরও রাজ্যপাল মি. সন্মুগানাথন। অরুণাচলের রাজধানী ইটানগর থেকেই পদত্যাগ পত্র দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন।
 
কোনও রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থা বা নারীঘটিত কেলেঙ্কারীর ঘটনা ভারতে বেশ বিরল। ভারতের প্রতিটি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে কাজ করে থাকেন রাজ্যপাল। এই পদের নিয়োগ দিল্লি থেকেই করা হয়।
 
বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক ব্যক্তিদের - বিশেষত কেন্দ্রে যে দলের সরকার থাকে, তাদের ঘনিষ্ঠ ব্যক্তিদেরই এই পদে নিয়োগ হয়ে থাকে।
তামিলনাডুর বাসিন্দা ৬৭ বছর বয়সী সন্মুগানাথন দীর্ঘদিন ধরেই হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসের সঙ্গে যুক্ত ছিলেন। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ