ইতিবাচক ছাত্র রাজনীতির পথপ্রদর্শক ছাত্রলীগ : জাকির হোসাইন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৮:৪৫
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেছেন, ছাত্র রাজনীতির ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক রাজনীতির পথপদর্শক। 
 
শুক্রবার বিকেলে বগুড়া জেলার আলতাফুননেছা খেলার মাঠে আয়োজিত আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। 
 
বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 
 
জাকির হোসাইন বলেন, ছাত্ররাজনীতির ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক রাজনীতির পথপ্রদর্শক। ছাত্রলীগ গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী। জনগণের জন্য যা কল্যাণকর তা যেকোনো মূল্যে বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত। নিজের জন্য নয় আমরা রাজনীতি করি জনতার স্বার্থে। ছাত্রলীগের ইতিহাস ঘাটলেই এর জ্বলন্ত প্রমাণ মিলবে। 
 
তিনি আরো বলেন, ১৯৪৮ সালে সময়ের দাবিতে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে এ দেশে যত প্রগতিশীল আন্দোলন সংগঠিত হয়েছে সবগুলোর নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ জন্যই ছাত্রলীগের অতীত এতো সমৃদ্ধ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার অদ্ভুত ক্ষমতা রয়েছে ছাত্রলীগরই।
 
শুক্র-শনিবার ব্যতীত ছাত্রলীগের আনন্দ মিছিল বা শুভাযাত্রা নয় উল্লেখ্য করে তিনি বলেন, ছাত্রলীগ পৃথিবীর বৃহত্তম ছাত্র সংগঠন। ফলে শুভাযাত্রা বা আনন্দ মিছিল করতে গেলে রাস্তায় জানজট সমস্যা তৈরি হওয়টা স্বাভাবিক। তাই ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রতি আমরা সিদ্ধান্ত নিয়েছি অফিস চলাকালীন দিনগুলোতে এসব কর্মসূচি পালন করা হবে না।
 
ইতিমধ্যে ছাত্রলীগের এই সিদ্ধান্তের পক্ষে গণজাগরণ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সব সময় ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করি। ছাত্রলীগ ছাত্ররাজনীতির পাঠশালা।’
 
জাকির হোসাইন বলেন, ‘তরুণ সমাজ যাতে মাদকের বিষাক্ত ছোবলে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক একজনকে না গোটা পরিবারকেই ধ্বংস করে দেয়। এমনকি সেই ধাক্কা লাগে দীর্ঘদিন চলমান সমাজ ব্যবস্থায়। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
 
২০০১-০৬ সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ কঠিন এক সময়ের মধ্যে দিয়ে গিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই সময়টুকুতে বাংলাদেশে মিনি পাকিস্তান কিংবা আফগানিস্তান হয়ে গিয়েছে। জঙ্গিবাদ, খুন, গুম, ধর্ষণ অতীতের সব রেকর্ড ভেঙ্গে শীর্ষে উঠে গিয়েছিল। সে সময়কার বিএনপির এসব অপকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের নিদের্শ দেন তিনি।
 
সভায় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি