দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কিছু আদেশ ও সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত মার্কিন বিজ্ঞানীদের আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞানীরা এতোটাই গুটিয়ে গেছেন যে, ট্রাম্পের এসব সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতেও রাজি হচ্ছেন না অনেকে। বিতর্কিত ডাকোটা অ্যাক্সেস ও কিস্টোন পাইপলাইন স্থাপনের অনুমতি, সরকারি কর্মকর্তাদের থামিয়ে দিয়ে এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির (ইপিএ) চুক্তি বাতিল এবং প্রথমবারের মতো ইপিএ’র ওয়েবসাইট থেকে জলবায়ু পরিবতর্নের কথা মুছে ফেলার নির্দেশের মধ্য দিয়ে এ আতঙ্ক তৈরি করেছেন ট্রাম্প। জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশ্বাস করেন না নতুন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, এসব তথ্য ভিত্তিহীন।
একজন বিজ্ঞানী জানান, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক সংকটের কেন্দ্রে থাকা ব্যক্তিদের এমন আতঙ্কে থাকার ফলে তাদের কাজে বিঘ্ন ঘটতে পারে। নিজ কর্মস্থলের আসন্ন নিয়তির শঙ্কাকে সঙ্গী করেই কাজ করে যাচ্ছেন মার্কিন গবেষক-বিজ্ঞানীরা। দ্য ইন্টারসেপ্ট।
