বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র সরকারের ধারণা হয়েছিল, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তান অধিকৃত কাশ্মির দখলের জন্য পশ্চিম পাকিস্তানে (বর্তমান পাকিস্তান) হামলা চালাতে পারেন। সম্প্রতি প্রকাশ হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র গোপন দলিলে এমন তথ্য লেখা আছে।
১৯৭১-৭২ সালে পাক-ভারত সামরিক উত্তেজনার সময় ওয়াশিংটনে মার্কিন সরকারের কর্মকর্তাদের একটি রুদ্ধদ্বার বৈঠকের পর সিআইএ এই প্রতিবেদন তৈরি করে। ভারত যদি পশ্চিম পাকিস্তানে সামরিক হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে সম্ভবত সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছিল বলে সিআইএ’র প্রতিবেদনে লেখা হয়। তবে তৎকালীন বেশ কিছু সংখ্যক নিরাপত্তা বিশ্লেষকের ধারণা ছিল, পশ্চিম পাকিস্তানে হামলার মতো সিদ্ধান্ত ভারত নেবে না। সিআইএ’র নথি অনুযায়ী, পাকিস্তানে যুদ্ধে জড়ালে ভারতের অর্থনৈতিক সহায়তা হ্রাসের হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট এবং তার পররাষ্ট্রমন্ত্রী উভয়ের তরফ থেকেই এই হুমকি এসেছিল। যদিও কীভাবে এটা কার্যকর করা যাবে সে ব্যাপারে কেউ নিশ্চিত ছিল না বলে নথিতে উল্লেখ আছে। ১৯৭১ সালের ১৭ আগস্টের একটি নথি অনুযায়ী, নিক্সন একটি বৈঠকে নিজেই এমন প্রশ্ন তুলেছিলেন।
নথিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সিআইএ’র উপর অসন্তুষ্ট ছিলেন চীন, ভারত এবং পাকিস্তানের কর্মকাণ্ড সম্পর্কে পর্যাপ্ত তথ্য-উপাত্ত সংগ্রহে না রাখার কারণে।
