ডেল্টা এয়ারলাইন্সের হিজাব পরিহিত এক নারী কর্মীকে বেধড়ক মারধর করেছে এক মার্কিন নাগরিক। মারধর করার সময়ে ওই ব্যক্তি এই বলে চিৎকার করতে থাকেন, 'ট্রাম্প এসে গেছে। তোমাদের সবাইকে তাড়াবে।'
বুধবার জন এফ কেনেডি বিমানবন্দরে ডেল্টার অফিসে বসেছিলেন রাবেয়া খান নামে ওই বিমানকর্মী। এই সময়ে সেখানে এসে হাজির হন রবিন রোডস নামে ওই মার্কিন নাগরিক। তার ম্যাসাচুসেটসের বিমান ধরার কথা।
ডেইলি মেইলের খবর বলছে, অফিস কক্ষের দরজা ঠেলে মুখ বাড়িয়েই রাবেয়াকে উত্ত্যক্ত করতে শুরু করেন রবিন। বলতে থাকেন, 'ঘুমোচ্ছ নাকি? নাকি নামাজ পড়ছ? চেয়ারে বসে কি করছ?'
এরপরই জোরে ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকেন রবিন। সেই ধাক্কা গিয়ে লাগে রাবেয়ার চেয়ারে।
রারেয়া এ নিয়ে প্রশ্ন করতেই খেপে ওঠেন রবিন। বলতে থাকেন 'তুমি কিছু করনি! এক লাথি দেব। এর পরই রাবেয়াকে লাথি মারেন রবিন। রাবেয়া পালানোর চেষ্টা করলে দরজা আটকে আরও মারধর করতে উদ্যত হন ওই ব্যক্তি।
ঘরের মধ্যে ধস্তাধস্তি দেখে চলে আসেন ডেল্টার অন্য এক কর্মী। তিনি এসে রবিনকে থামাতে চেষ্টা করলে তিনি বলতে থাকেন, 'ডোনাল্ড ট্রাম্প এসে গেছে। সবাইতে তাড়াবে। দেখ কি হয়।'
রবিনের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
ইত্তেফাক/এএম
