লিভারপুলের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন জো গোমেজ। মূলত রেডস কোচ ইয়র্গেন ক্লপের আগ্রহেই ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারকে নতুনভাবে দলে নেয়া হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। ফলে ২০২২ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন গোমেজের।
ক্লাবের অফিসিয়ার ওয়েবসাইটে ক্লপ জানিয়েছেন, ভবিষ্যতের কথা বিবেচনা করেই আমরা গোমেজকে দলে নিয়েছি। তবে বর্তমানেও সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দলে থাকবে। সর্বোচ্চ পর্যায়ে সাফল্যের জন্য প্রয়োজনীয় সব ধরনের যোগ্যতা তার মধ্যে রয়েছে। এটা শারিরীক ও মানসিক দু’ভাবেই হতে পারে। তার মধ্যে সব আছে। কিন্তু আমি মনে করি ক্যারিয়ারে উন্নতির জন্য তার মধ্যে আকাঙ্খা রয়েছে।
অথচ ২০১৫ সালে অক্টোবরে গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে ক্যারিয়ার হুমকিতে পড়েছিলেন গোমেজ। লিগামেন্ট ইনজুরির পাশাপাশি চলতি গ্রীষ্মে পেশীর ইনজুরিতে আবারো পিছিয়ে পড়েন।
তবে ধীরে ধীরে নিজেকে আবারো ক্লপের মূল একাদশের জন্য যোগ্য করে তুলেন। আনফিল্ডে প্লাইমাউথের বিপক্ষে এফএ কাপের ম্যাচে একাদশে থেকে ম্যাচ শুরু করেছেন ইংল্যান্ডের অনুর্ধ্ব-২১ দলের এই সেন্টার ব্যাক। লীগ কাপের সেমিফাইনালে সাউদাম্পটনের বিপক্ষে প্রথম লেগে ও প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ এ্যাওয়ে ম্যাচে গোমেজ বিশ্রামে ছিলেন। ২০১৫-১৬ মৌসুমে ব্রেন্ডন রজার্সের অধীনে গোমেজ লিভারপুলের হয়ে সাতটি ম্যাচে খেলেছেন।
ইত্তেফাক/এমএইচ
