‘বিএনপি নিরপেক্ষ সার্চ কমিটির বিরোধিতা করছে’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৯:১৬
রেলপথ মন্ত্রী মুজিবুল মুজিব বলেছেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষে রাষ্ট্রপতি বিএনপিসহ সকল দলের সঙ্গে আলোচনা করেছেন। এরপর ছয় সদস্যের একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করার পর এখন বিএনপি না বুঝেই ওই কমিটির বিরুদ্ধাচরণ করছে।’
 
শনিবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের বগৈর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উদয় সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ‘বিএনপির একমাত্র ধর্ম হলো আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা বলা, সরকারের বিরোধিতা করা। তারা সরকারের ভাল কিছু চোখে দেখে না। তারা স্বাধীনতা ও উন্নয়নের শক্র।'
 
রেলপথ মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস নৈরাজ্য দমন করে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সকল ক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। দেশের চাহিদা মিটিয়ে খাদ্য এখন বিদেশে রফতানি হচ্ছে।’
 
এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসেম সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূইয়া হাসান, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, মোশারেফ হোসেন, গোলাম ফারুক হেলাল, জাহিদ হোসেন টিপু, ভিপি মাহবুব হোসেন মজুমদার, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক ও নাঈমুর রহমান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এএসএমইউ