প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ইশতেহার প্রকাশ করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। এই ইশতেহারে তারা জানিয়েছে বিজেপি ক্ষমতায় এলে রাম মন্দির বানানোর জোর চেষ্টা চালানো হবে। তবে এই চেষ্টাটা করা হবে সংবিধান মেনেই। গতকাল শনিবার বিজেপির সভাপতি অমিত শাহ ইশতেহার ঘোষণাকালে এই কথা জানান। খবর:এনডিটিভি ও আনন্দবাজার।
নব্বইয়ের দশকে এই উত্তরপ্রদেশেই ‘রাম নাম’ নিয়ে দাঙ্গা বাধিয়েছিল বিজেপি। রামমন্দির নির্মাণের জোরালো দাবিতে দলের বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদভানি শুরু করেছিলেন ‘রামরথ যাত্রা’। সেই রাম মন্দির গড়ার চেষ্টাতেই সেই সময় ভাঙা হয় বাবরি মসজিদ। কার্যত, রণক্ষেত্র হয়ে যায় অযোধ্যা।
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচন ১১ ফেব্রুয়ারি। সেই ভোটের জন্যই ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ নামে দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। অমিত শাহ বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি। গত ১৫ বছর ধরে উত্তরপ্রদেশে ‘অপশাসন’ চালানোর জন্য মায়াবতীর বহুজন সমাজ পার্টি আর মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টির কড়া সমালোচনা করে বিজেপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দেবেন।
২০১২ সালের নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশে ৪০৩ আসনের বিধানসভায় পেয়েছিল ৪৭টি আসন। তবে ২০১৪ সালে সাধারণ নির্বাচনে বিজেপি উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের ৭১টিতেই জয়ী হয়। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে ভালো ফল করার সব রকম চেষ্টা চালাচ্ছে বিজেপি।
ইত্তেফাক/এসএসএ
