সেই রেলকর্মীর পরিবারের পাশে রেলমন্ত্রী

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ০৯:০২
 
রাজধানীর কুড়িলে  মা ছেলে বাঁচিয়ে ট্রেনে কাটা পড়া রেলকর্মী বাদলের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেছেন, বাদলের পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে। পরিবারের কোনো সদস্য চাকরি পাবার যোগ্য হলে যোগ্যতা অনুযায়ী তার চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
 
উল্লেখ্য, শুক্রবার কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন মেরামতের কাজ করছিলেন বাদল। ওই সময় সিলেটগামী সুরমা এক্সপ্রেস ঢাকা ছেড়ে যাচ্ছিল। এসময় এক নারী তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। বাদল মিয়া ঝুঁকি নিয়ে প্রথমে ওই নারীকে রক্ষা করেন, পরে ওই শিশুটির জীবন বাঁচান। এ সময় ট্রেনটিতে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। নিহত বাদলের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তার রয়েছে পাঁচ ছেলে ও তিন মেয়ে। স্ত্রী-সন্তানদের নিয়ে কাওলা রেলগেট স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি।