বর্ধিত করা হল ভারতের সরাসরি টুরিস্ট ভিসা প্রাপ্তির স্কিম

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৫:০৬
 
ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ দৃঢ় করার জন্য ঘোষিত সরাসরি টুরিস্ট ভিসা প্রাপ্তির স্কিমটি বর্ধিত করা হয়েছে। জানুয়ারি মাসের ১ তারিখে এক দফা এই স্কিমের সময় বাড়ানোর পর আবারো ১ ফেব্রুয়ারি ২০১৭ পর্যন্ত সরাসরি ভিসা প্রদানের সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, বাংলাদেশের বিদ্যমান ৮টি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভিএসি) গিয়ে ভারতে যাওয়ার নিশ্চিত টিকিট (বিমান/সড়ক/রেল) সহ বাংলাদেশি ভ্রমণকারীদের সরাসরি ভিসা পেতে পারেন। আইভিএসি'র রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ এবং বরিশাল শাখায় এবং ঢাকার আবেদনকারীরা তাদের নিশ্চিত ভ্রমণ টিকিট নিয়ে সরাসরি আইভিএসি মিরপুর শাখায় টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।
 
বাংলাদেশি ভ্রমণকারী যারা সরাসরি টুরিস্ট ভিসা পাওয়ার আশা করছেন, তাদের অবশ্যই ভারত যাওয়ার বিমান, রেল অথবা বাস-এর নিশ্চিত টিকিট ( যথাযথ অপারেটর কর্তৃক ইস্যুকৃত) থাকতে হবে। ভ্রমণের তারিখ অবশ্যই আইভিএসি'তে ভিসা আবেদনপত্র জমাদানের তারিখের এক মাসের মধ্যে হতে হবে। 
 
বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.ivacbd.com -এই ঠিকানায়।
 
ইত্তেফাক/আরএ